অকালজাত শিশুর ROP স্ক্রিনিং কখন জরুরি?
ডা. মো. মাকসুদে মাওলা
রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (ROP) অকালজাত ও কম ওজনের শিশুর রেটিনার একটি রোগ। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে এটি রেটিনাল ডিটাচমেন্ট এবং স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে। প্রাথমিক অবস্থায় শিশুর চোখ বাইরে থেকে স্বাভাবিক দেখায়—তাই লক্ষণের অপেক্ষা করা উচিত নয়।
বাংলাদেশের নির্দেশিকা অনুযায়ী সাধারণত ROP স্ক্রিনিং প্রয়োজন:
- জন্মের ওজন ২০০০ গ্রাম বা কম
- গর্ভকাল ৩৫ সপ্তাহ বা কম
- ৩৫–৩৭ সপ্তাহে জন্মানো অসুস্থ শিশু, বিশেষত দীর্ঘদিন অক্সিজেন, সেপসিস, অ্যাপনিয়া, রক্তস্বল্পতা বা রক্তসঞ্চালনের ইতিহাস থাকলে
প্রথম পরীক্ষা সাধারণত জন্মের ২০–৩০ দিনের মধ্যে করানো উচিত। অত্যন্ত অপরিণত বা গুরুতর অসুস্থ শিশুর ক্ষেত্রে নবজাতক ও ROP বিশেষজ্ঞ আরও আগে পরীক্ষা নির্ধারণ করতে পারেন।
একবার রিপোর্ট স্বাভাবিক হলেই ফলোআপ বন্ধ করা যাবে না। রেটিনা সম্পূর্ণ vascularized হওয়া অথবা বিশেষজ্ঞ পরীক্ষা বন্ধ করার নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়ে শিশুকে নিয়ে আসতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার আগেই পরবর্তী পরীক্ষার তারিখ লিখে রাখুন।
Clinical pearl: ROP মূল্যায়নে zone, stage এবং plus disease নথিভুক্ত করা হয়; বর্তমানে ICROP3 classification ব্যবহৃত হয়।
মনে রাখুন: সময়মতো ROP স্ক্রিনিং শিশুর দৃষ্টিশক্তি রক্ষার সুযোগ তৈরি করে।
এটি সাধারণ স্বাস্থ্যশিক্ষা; ব্যক্তিগত চিকিৎসা-পরামর্শ নয়।